গোবিন্দগঞ্জে পাঠদান বন্ধ রেখে স্কুল মাঠে নগ্ন নৃত্য ও জুয়ার উৎসব
গোবিন্দগঞ্জ (গাইবান্ধা): গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার ফাঁসিতলা দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ে পাঠদান বন্ধ রেখে গত পাঁচ দিন ধরে মেলার নামে অশ্লীল নৃত্য ও জুয়ার আসর চলার অভিযোগ উঠেছে। বিদ্যালয়ের মাঠ দখল করে বিশাল প্যান্ডেল তৈরির মাধ্যমে এই আয়োজন চলায় এলাকার সাধারণ শিক্ষার্থী, বিশেষ করে চলমান এসএসসি পরীক্ষার্থীদের পড়াশোনা চরমভাবে বিঘ্নিত হচ্ছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার থেকে ফাঁসিতলা হাই স্কুল মাঠে সার্কাসের আড়ালে অশ্লীল নৃত্যের প্রদর্শনী চলছে। মেলার কারণে বিদ্যালয়ে গত কয়েকদিন ধরে কোনো শিক্ষার্থীর উপস্থিতি দেখা যায়নি। স্থানীয় অভিভাবক নুরুল ইসলাম জানান, দিন-রাত ২৪ ঘণ্টা উচ্চস্বরে মাইক বাজানোর ফলে শিক্ষার্থীদের মনোযোগ নষ্ট হচ্ছে। এসএসসি পরীক্ষার এই গুরুত্বপূর্ণ সময়ে এমন আয়োজনকে তিনি প্রশাসনের চরম ব্যর্থতা হিসেবে আখ্যা দিয়েছেন।
মেলা কমিটির সভাপতি ও কামারদহ ইউপি সদস্য রশিদুল ইসলাম জানান, প্রশাসনের সঙ্গে আলোচনা করেই তারা এই ‘ঐতিহ্যবাহী’ মেলার আয়োজন করেছেন। তবে মেলা কমিটির কোষাধ্যক্ষ রিপন মিয়া বিতর্কিত এক দাবি করে বলেন, “সবাইকে ম্যানেজ করেই মেলা বসানো হয়েছে। জেলা প্রশাসকের এলআর ফান্ডে প্রতিদিন ৫ হাজার টাকা করে জমা দেওয়া হয়।”
বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, “মেলার কারণে কোনো ছাত্রছাত্রী স্কুলে আসছে না। স্থানীয় ইউপি সদস্য মেলার জন্য মাঠ চেয়েছিলেন, আমি তাকে মৌখিকভাবে অনুমতি দিয়েছি এবং পাঠদান বন্ধ রেখেছি।”
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) শাহানা আক্তার জানান, স্কুল মাঠে মেলা করার কোনো অনুমতি নেওয়া হয়নি। বিদ্যালয়ের পাঠদান বন্ধ রাখা সম্পূর্ণ বেআইনি।
এ বিষয়ে গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দা ইয়াসমিন সুলতানা বলেন, “শিক্ষা প্রতিষ্ঠানে এ ধরণের আয়োজন সম্পূর্ণ বেআইনি। আমি বিষয়টি অবগত হওয়ার পর মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে আইনানুগ ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছি।”
উক্ত ঘটনায় স্কুল পরিচালনা পর্ষদ ও প্রশাসনের ভূমিকা নিয়ে এলাকায় তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। সচেতন মহল অবিলম্বে মেলা বন্ধ করে শিক্ষার স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন।